ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন
আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের আইসিসিবি গেট এলাকায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক জানান, নগর শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন, জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন এবং পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ স্লোগানে তিন ধাপের এই ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ৯ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি বিতরণ করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ষপূর্তির এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।



