হিরো অফ দি ডে

লন্ডনে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত

এস ইসলাম, লন্ডন থেকেআন্তর্জাতিক কূটনীতি, বহুপাক্ষিকতা ও সহযোগিতা বৃদ্ধিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

এশিয়াওয়ান ম্যাগাজিনের পক্ষ থেকে দেওয়া এ সম্মাননা আজ লন্ডনের ন্যাশনাল লিবারেল ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন অধ্যাপক লর্ড সিং অব সোলিহুল। এ সময় হাউস অব লর্ডসের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর নিজের বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় বহুপাক্ষিক কূটনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কূটনৈতিক কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের জীবনেও প্রতিফলিত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও তরুণ প্রজন্মের সৃজনশীল সক্ষমতার বিষয়টিও তুলে ধরেন হাইকমিশনার। এ সময় তিনি বাংলাদেশের তরুণ ও দক্ষ জনশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এই পুরস্কার বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button