জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সবুজ বনায়ন অপরিহার্য
আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান: পরিবেশ রক্ষায় সবুজ বনায়নের আহ্বান

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সবুজ বনায়ন অপরিহার্য। এই সবুজ বনায়ন গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম, তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় একটি র্যালি, আলোচনা সভা এবং চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপমহাপরিচালক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ২৫০টি বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন। তিনি বলেন, ‘বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু’ এবং গাছ লাগানো একটি ‘সদকাতুল জারিয়া’। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে নীলফামারী আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া এবং রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



