বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দিচ্ছে কিউএস
বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ নভেম্বর ঢাকায় ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। ঢাকার শেরাটন হোটেলে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলমান এই আয়োজনে শিক্ষার্থীরা বিনা মূল্যে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ভারত ও থাইল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীরা সরাসরি ভর্তিপ্রক্রিয়া, বিষয় নির্বাচন, সিভি পর্যালোচনা এবং ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের ‘কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ’ সম্পর্কে পরামর্শ ও আবেদনের সুযোগ পাবেন।
কিউএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০০ জনে পৌঁছাতে পারে। সদ্য স্নাতক ও কর্মজীবী পেশাজীবীদের সঠিক দিকনির্দেশনা দিতেই এই আয়োজন করা হয়েছে।



