মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের বিদেশি শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তনে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজারসহ ৪০ জনেরও বেশি শিক্ষার্থী। তাঁদের মধ্যে মাসুম বিল্লাহ গুলজার স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মানসহ প্রথম শ্রেণি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি পেয়েছেন ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট), সম্মাননা পদক ও সনদপত্র।
রোববার (২২ নভেম্বর) কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর হাতে এসব সম্মাননা তুলে দেন।
আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যেবের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্বের ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র ও ৩৮৪ জন ছাত্রী। সর্বোচ্চ সম্মানসহ প্রথম শ্রেণি অর্জন করেছেন মাত্র ৫৫ জন শিক্ষার্থী। ২৫টি দেশের ২৫ জন সেরা কৃতী শিক্ষার্থীর একজন হিসেবে বাংলাদেশের মাসুম বিল্লাহ গুলজার এ বিশেষ স্বীকৃতি অর্জন করেন।
অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিক এবং বিদেশি শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈদিসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৬ জুলাই প্রকাশিত ফলাফলে মাসুম বিল্লাহ ধর্মতত্ত্ব অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেন।
নিজের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মাসুম বিল্লাহ বলেন, আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং মা-বাবা ও শিক্ষকদের দোয়ায় এ সম্মাননা অর্জন করতে পেরেছি। আল-আজহারের মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ বার্তা নিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।
বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়ন করছেন। পাশাপাশি মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় ফতোয়া প্রতিষ্ঠান ‘দারুল ইফতা আল-মিসরিয়া’য় ইফতা বা মুফতি প্রশিক্ষণ নিচ্ছেন।
সাতক্ষীরা সদর উপজেলার সোনারডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহর শিক্ষাজীবন শুরু হয় পবিত্র কোরআন হিফজের মাধ্যমে। ২০১০ সালে হিফজ সম্পন্ন করার পর ২০১৮ সালে ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে আল-আজহারের ইনস্টিটিউট অব ইসলামিক মিশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।
এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে ৪০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ২২ নভেম্বর অনুষ্ঠিত সমাবর্তনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী।
আকিদা ও ফালসাফা বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম, মো. মাহফুজুর রহমান
মুহাম্মদ মাহমূদ হাসান, তাফসির বিভাগ, মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান
আনাস ইমাম।
হাদিস বিভাগ থেকে যুবায়ের আহমাদ, ফয়সাল মাহমুদ। শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে, কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম আরবি ভাষা অনুষদে মো. মুজাহিদুল ইসলাম ও শারিআহ ইসলামিয়া অনুষদ থেকে আব্দুল্লাহ মুসআব।
সমাবর্তনে আল-আজহারের বিদেশি শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈদি বলেন, আল-আজহার থেকে শিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে যাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ দেশে আল-আজহার ও মিশরের প্রতিনিধি। তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, সহনশীলতা ও মধ্যপন্থার আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, আল-আজহারে অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি একটি আমানত। স্নাতকদের নিজ দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মিশর ও নিজ মাতৃভূমির মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সম্পর্কের সেতুবন্ধন তৈরির আহ্বান জানান তিনি।
আল-আজহার থেকে স্নাতক সম্পন্ন করা বাংলাদেশি শিক্ষার্থীদের এ অর্জন আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, নিষ্ঠা ও সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেছে। তাঁদের এই সাফল্য বাংলাদেশের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় অনুপ্রেরণা হয়ে থাকবে।



