ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড চালু

গ্রাহকদের জন্য দ্রুত ও নিরাপদ কন্ট্যাক্টলেস পেমেন্ট নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), মাস্টারকার্ড এবং গ্রামীণফোন যৌথভাবে নিয়ে এসেছে নতুন কো-ব্র্যান্ডেড স্টিকার পেমেন্ট কার্ড। ২৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে কার্ডটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
স্মার্টফোন বা যেকোনো উপযুক্ত ডিভাইসে লাগিয়ে পিওএস টার্মিনালে ট্যাপ করে এই প্রিপেইড স্টিকার কার্ডের মাধ্যমে সহজে পেমেন্ট করা যাবে। ইউসিবির ব্যাংকিং, মাস্টারকার্ডের প্রযুক্তি এবং গ্রামীণফোনের মাইজিপি ইকোসিস্টেমের সমন্বয়ে তৈরি এই কার্ডে ওটিটি, বান্ডেল কেনাকাটা ও লার্নিং কোর্সে ১০% ক্যাশব্যাক, জিপিএফআই সাবস্ক্রিপশনে ৩% ক্যাশব্যাক এবং নির্দিষ্ট রোমিং প্যাকে ৫০ টাকা ছাড় মিলবে।
প্রথম বছরের ফি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে এবং পরবর্তী বছরগুলোতে ১ লাখ টাকা খরচ করলে বার্ষিক ফি মওকুফ হবে। অনুষ্ঠানে ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীর, মাস্টারকার্ডের গৌতম আগারওয়াল ও গ্রামীণফোনের সোলায়মান আলম উপস্থিত ছিলেন।



