সাহিত্য
মাটির দেহ পায় না মাটির স্পর্শ — শাহাবুদ্দিন শুভ
সুখ কিনতে গিয়েই কত শত স্বপ্ন
মাঝপথে থেমে যায়—
কারো মায়ের বুক খালি হয়ে যায়
নিঃশব্দ কান্নায়,
ভূমধ্যসাগরের ঢেউয়ের ভাঁজে ভাঁজে জমে থাকে
অগণিত না বলা গল্প।নিজের কিংবা পরিবারের মুখে হাসি ফোটাতে
যে পথ ধরেছিল কেউ—
সেই পথই হয়ে ওঠে শেষ যাত্রা।
চারদিকে শুধু পানি, অসীম জলরাশি,
তবু এক ফোঁটা পানযোগ্য নয়—
তৃষ্ণা যেমন অপূর্ণ থাকে,
তেমনি অপূর্ণ থাকে জীবনের স্বপ্নগুলোও।ডাকে মা, ডাকে ঘর, ডাকে প্রিয়জন—
কিন্তু সাড়া মেলে না আর,
নিস্তব্ধতার গভীরে হারিয়ে যায় সব শব্দ।অবশেষে সেই নিথর দেহ
ভেসে ওঠে সীমাহীন অথই জলে,
নাম-পরিচয় হারিয়ে যায় ঢেউয়ের আঘাতে—
একটি জীবন, একটি ইতিহাস
অচেনা হয়ে মিশে যায় সাগরের বুকে।কত নির্মম এই বিদায়—
যেখানে শেষ আশ্রয়টুকুও মেলে না,
মাটির দেহ পায় না
মাটির স্পর্শ।



