
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় দেওয়া তথ্য ও নথিপত্রে কোনো অসঙ্গতি না থাকায় মিল্টনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্রও আজ বৈধ ঘোষিত হয়েছে। এর ফলে মিরপুর-কাফরুল এলাকায় বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হলো।
মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।



