বিদেশ

মালয়েশিয়ার কুচিং ও কোটা সামারাহানে অভিযান, ১৫২ বিদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে:
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে পৃথক দুটি অভিযানে ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস মাহির’ ও ‘অপস কুতিপ’ নামের বিশেষ অভিযান দুটি কুচিং ও কোটা সামারাহান এলাকায় পরিচালনা করা হয়।

শুক্রবার, সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা অভিযান চলে। এ সময় নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসহ চারটি নির্ধারিত স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ১৭৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫২ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ১১(৭)(এ) বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচিং অভিবাসন বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদেশি নাগরিকদের অবস্থান ও কর্মসংস্থানের বৈধতা যাচাইয়ের পাশাপাশি অভিবাসন আইন অমান্যের বিষয়গুলো চিহ্নিত করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

সারাওয়াক অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির অভিবাসন আইন যথাযথভাবে কার্যকর এবং বিদেশি নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনসংক্রান্ত কোনো তথ্য বা অবৈধ কর্মকাণ্ডের সন্ধান পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি।

এমন আরো সংবাদ

Back to top button