হিরো অফ দি ডে
মিশরে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাংলাদেশি শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য
প্রাচীন সভ্যতার দেশ মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক এক মর্যাদাপূর্ণ গবেষণা সম্মেলনে প্রথম স্থান অর্জন করে গৌরবের নতুন দিগন্ত উন্মোচন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী হোসাইন তানবীর। তিনি “৯ম MISR Medical Integrated Students’ Research Conference 2026”-এ অংশগ্রহণ করে এ অনন্য সাফল্য অর্জন করেন।গত ১ ও ২ এপ্রিল কায়রোতে আয়োজিত এ সম্মেলনে দেশটির খ্যাতনামা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান—আইন শামস, কায়রো ও আলেক্সজান্দ্রিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রায় ১০০টি গবেষণা প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেন আইন শামস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের বাংলাদেশি শিক্ষার্থী হোসাইন তানবীর। যা প্রবাসে অধ্যয়নরত এদেশের শিক্ষার্থীদের জন্য এক গর্বোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী মেডিকেল শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী গবেষণা, বৈজ্ঞানিক অবদান ও সৃজনশীল চিন্তাধারা উপস্থাপন করেন। তরুণ গবেষকদের জন্য নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান আতাউল হক। তিনি রাষ্ট্রদূত সামিনা নাজ-এর প্রতিনিধি হিসেবে বিজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অর্জন আগামীতে আরও বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে। একজনের জয়, সবার জয়—এই চেতনা ধারণ করেই প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।



