অর্থনীতিহাইলাইটস

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

চার গ্রেডের তিনটিতে সর্বসম্মতি, সর্বনিম্ন গ্রেডে মজুরি নির্ধারণে ভোটাভুটি

সাংবাদিক ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানীতৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত পেরিয়ে আজ ভোরে বোর্ডের চতুর্থ সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে এবং সর্বনিম্ন গ্রেডে ভোটাভুটির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা। এই তিন গ্রেডে বোর্ডের সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্তে পৌঁছান। তবে সর্বনিম্ন গ্রেড গ্রেড-৪-এর মজুরি নিয়ে সদস্যদের মধ্যে মতৈক্য না হওয়ায় গোপন ভোট নেয়া হয়। এতে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

ভোর ৩টা ৫৬ মিনিটে সাংবাদিক ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, গত ৪ নভেম্বর প্রথম সভার মধ্য দিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়। চারটি সভার মাধ্যমে মাত্র ২০ দিনের মধ্যে বোর্ড এ সিদ্ধান্তে পৌঁছেছে। দেশের নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো শিল্প খাতের মজুরি নির্ধারণের সিদ্ধান্তে পৌঁছানো একটি মাইলফলক।

দীর্ঘ সময় ধরে আলোচনা চলার কারণ জানতে চাইলে চেয়ারম্যান বলেন, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা হয়েছে। প্রতিটি বিবেচ্য বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করতে হয়েছে। এ কারণেই সময় বেশি লেগেছে। অন্য কোনো চাপ ছিল না।

চেয়ারম্যান জানান, মজুরি কাঠামোর গ্রেডগুলোর মধ্যে সমন্বয়ের জন্য ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে। তবে কোনো শ্রমিক এরই মধ্যে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি পেলে সেই ব্যবধান সমন্বয়ের বিষয়টি সংশ্লিষ্ট কারখানার সক্ষমতা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি চূড়ান্ত খসড়া সুপারিশ তৈরির সময় পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে শ্রমিকরা বর্ধিত মজুরি হাতে পাবেন জানুয়ারি মাসের বেতনের সঙ্গে। ডিসেম্বর মাসের বর্ধিত মজুরিও এর সঙ্গে যুক্ত হবে বলে জানান চেয়ারম্যান। সিদ্ধান্তের খসড়া চূড়ান্ত করে গেজেট প্রজ্ঞাপনের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়ায় বিলম্বের আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে শ্রমিক পক্ষের সম্মতি ছিল না বলে জানিয়েছেন বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, শ্রমিক পক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। এর নিচে তারা আর যেতে চাননি। ভোটাভুটিতে শ্রমিক পক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেয়ায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই সিদ্ধান্ত হয়েছে।

বাবুল আখতার বলেন, ২০২৩ সালে পাঁচ বছর পর পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল ৪ হাজার ৫০০ টাকা। এবার তিন বছর পর মজুরি নির্ধারণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বোর্ডের সিদ্ধান্ত পুরোপুরি সন্তোষজনক না হলেও তা দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি।

১৭ হাজার টাকার সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নেবেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইচ্ছা না থাকলেও শ্রমিক পক্ষকে তা মেনে নিতে হবে। এখন সব কারখানায় দ্রুত নতুন মজুরি কার্যকর করার আহ্বান জানাচ্ছেন তারা। শ্রমিকদের আন্দোলনে না থেকে কাজে ফেরার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে ৩০ হাজার ও ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গড়ায়। বোর্ডের সিদ্ধান্ত আসায় শ্রমিকদের কাজে ফেরা উচিত। এরপরও কোনো দাবি থাকলে মালিক-শ্রমিক দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে।

তিনি বলেন, যেসব কারখানায় শ্রমিক ইউনিয়ন রয়েছে, সেখানে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় বসে সমস্যা সমাধান করতে পারেন। মালিকপক্ষ আলোচনায় সাড়া না দিলে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে গণতান্ত্রিক ও সাংগঠনিক পদ্ধতিতে দাবি আদায়ের উদ্যোগ নেয়া যেতে পারে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে কারখানা বন্ধ, ছাঁটাই ও মামলা প্রসঙ্গে বাবুল আখতার বলেন, আগের তুলনায় এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। অনেক কারখানা বন্ধ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং শ্রমিকদের হাজিরা বহাল রয়েছে। শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে অতীতের মতো গুলি ব্যবহারের ঘটনাও এবার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভার মধ্য দিয়ে নতুন মজুরি নির্ধারণের আলোচনা শুরু হয়। গতকাল বোর্ডের চতুর্থ সভা শুরু হয়ে আলোচনা চলে আজ ভোর পর্যন্ত।

এমন আরো সংবাদ

Back to top button