দেশের অর্থনীতি পুনর্গঠন ও ইউরোপের শ্রমবাজারে অবস্থান শক্তিশালী করতে ৫ বছর মেয়াদি এক সমন্বিত মাস্টারপ্ল্যান ঘোষণা করেছে চারটি প্রবাসী সংগঠন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতিসহ অন্যান্য সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, দেড় কোটি প্রবাসী বছরে ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেও নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নেই। ২০৩১ সালের মধ্যে ইউরোপে ১০ লক্ষ দক্ষ কর্মীর নিরাপদ অভিবাসন নিশ্চিতের মাধ্যমে রিজার্ভ শক্তিশালী করার লক্ষে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি পেশাদার ‘ইউরোপীয় উইং’ গঠনের দাবি জানান।
সংগঠনগুলোর প্রধান দাবির মধ্যে রয়েছে প্রবাসীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসন নিশ্চিত করা এবং সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার গড়ে তোলা। বিএমএফ-এর চেয়ারম্যান জয়নাল আবেদীন জয় অভিবাসন ব্যয় কমিয়ে আনতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে পূর্ণ অর্থ ঋণের প্রস্তাব করেন। এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর-কে অভিনন্দন জানানো হয়।



