কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ‘পিস ক্যাফে’ ও ‘কমিউনিটি লাইব্রেরি’ চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)। পাশাপাশি রোহিঙ্গাদের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে ‘রোহিঙ্গা হিস্টোরি অ্যান্ড নলেজ সেন্টার’ প্রতিষ্ঠায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ক্যাম্প-৪-এ স্থাপিত এই পিস ক্যাফে ও লাইব্রেরির মাধ্যমে রোহিঙ্গা তরুণদের জ্ঞানচর্চা, মতবিনিময় ও বই পড়ার সুযোগ তৈরি হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং সিপিজের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিয়ার সাদাত।
পরবর্তীতে কক্সবাজারে আরআরআরসি কার্যালয়ে ট্রেজারার আরিফুল ইসলাম এবং কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। কেন্দ্রটি স্থাপনে আরআরআরসি কার্যালয় ক্যাম্পের ভেতরে স্থান বরাদ্দ দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বৈষম্য হ্রাস ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখবে ব্র্যাক ইউনিভার্সিটি।



