প্রবাস

বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের রাষ্ট্রদূত

55নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দেশটির নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ-এ বাংলাদেশ পররাষ্ট্রনীতি ও বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভায়  অংশগ্রহণ করেছেন।
বুধবার (১২ই মে) কাঠমান্ডুর শিবপুরীতে আয়োজিত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মত বিনিময় সভায় তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির উৎপত্তি, বিবর্তন, বর্তমান অগ্রাধিকার এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান এবং বহুমাত্রিক আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়ও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে সংযোজিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বিভিন্ন দিক বিশদভাবে উপস্থাপন করেন। বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান, প্রবাসী কূটনীতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষার নানা দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এ সময় তিনি বাংলাদেশ-নেপাল সম্পর্কের ক্রমবর্ধমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
বক্তৃতা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল শক্তি জং বসনেত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার তথ্যবহুল ও সময়োপযোগী উপস্থাপনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিচালিত চলমান কোর্সে মোট ৯২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চারজন বিদেশি শিক্ষার্থীও রয়েছেন।

এমন আরো সংবাদ

Back to top button