এন্টারটেইনমেন্ট

রকস্টার রূপে শাকিব খান, টিজারে স্টাইল ও রহস্যের ঝলক

সিনেমাটির দৃশ্য। ছবি : ফেসবুক থেকে নেওয়া
ঢালিউডে ধারাবাহিকভাবে নতুন রূপে হাজির হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। কখনো ‘রাজকুমার’, কখনো ‘তুফান’— প্রতিটি উপস্থিতিতেই ভিন্ন আঙ্গিক। এবার তিনি এলেন ‘রকস্টার’ হয়ে। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে আসন্ন ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার। এক মিনিট বিশ সেকেন্ডের এই ঝলকে শাকিব খানকে দেখা গেছে স্টাইলিশ ও তীব্র উপস্থিতিতে, যা প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।

টিজারের শুরুতে ঘুম ভাঙা এক দৃশ্যে দেখা যায় তাকে। পেছনে শোনা যায় একটি সংলাপ— ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’, কণ্ঠ দিয়েছেন তারিক আনাম খান।

শেষের দিকে যুক্ত হয়েছে একটি গানের অংশ— ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও…’, যা টিজারে আবেগঘন আবহ তৈরি করে। পুরো টিজারজুড়ে সংলাপ প্রায় অনুপস্থিত থাকলেও শেষ মুহূর্তে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’

আজমান রুশো পরিচালিত এই প্রযোজনায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর এবং তারিক আনাম খান। সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ মুক্তির লক্ষ্য রাখা হয়েছে ২০২৬ সালের ঈদুল আজহায়।

এমন আরো সংবাদ

Back to top button