মাঠপর্যায়ে কর্মরত ভূমি কর্মকর্তাদের দাপ্তরিক কাজে ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে এ দাবি পেশ করা হয়। দাবিনামায় ই-নামজারি ও খাস জমি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ কাজে কর্মকর্তাদের আইনি সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।
সমিতির ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও সাভারের আমিন বাজার ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তারা আজ নিজেরাই মিথ্যা মামলা ও শারীরিক হামলার শিকার হচ্ছেন। দলিলের সঠিকতা যাচাইয়ের এখতিয়ার না থাকলেও কেবল দাপ্তরিক প্রস্তাব প্রেরণের কারণে নিরপরাধ কর্মকর্তারা কারাবরণ করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।”
স্মারকলিপিতে গ্রেড উন্নয়ন, ঝুঁকি ভাতা, বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগ এবং পদোন্নতি জটিলতা নিরসনে ৬ দফা দাবি জানানো হয়। ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম কর্মকর্তাদের দাবিগুলো দ্রুত সরকারের উচ্চপর্যায়ে পাঠানোর আশ্বাস দিয়েছেন।





