বিদেশ

বার্নামা-তাসের সমঝোতা স্মারক

সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময়ে সহযোগিতা জোরদার

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকেসংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময়, পেশাগত দক্ষতা এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে সহযোগিতা জোরদার করতে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামা ও রাশিয়ার সংবাদ সংস্থা তাস (TASS) সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। সোমবার এ সমঝোতা স্মারক সই হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ সংস্থাগুলোর সংগঠন ওআনা’র (OANA) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। বার্নামার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতিন পাদুকা নুর-উল আফিদা কামালুদ্দিন এবং তাসের মহাপরিচালক আন্দ্রেই কোন্দ্রাশভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজও উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক সইয়ের পর নুর-উল আফিদা বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক গণমাধ্যম পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি দুই জাতীয় সংবাদ সংস্থার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই সমঝোতা। তিনি বলেন, এখন কয়েক সেকেন্ডের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে সংবাদ পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য জনসাধারণের আস্থার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে। এ কারণে বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থাগুলোর ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নুর-উল আফিদা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বার্নামা ও তাস সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিনিময় আরও জোরদার করতে পারবে। পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং ডিজিটাল সাংবাদিকতা, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রযুক্তি সংবাদ উৎপাদন ও গ্রহণের পদ্ধতিতে ধারাবাহিক পরিবর্তন আনলেও সাংবাদিকতার মৌলিক মূল্যবোধ অপরিবর্তিত থাকতে হবে। নির্ভুলতা, তথ্য যাচাই, ন্যায্যতা ও সততা এসব নীতিই সংবাদ পরিবেশনের ভিত্তি হিসেবে বজায় রাখতে হবে।

বার্নামার প্রধান নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা মালয়েশিয়া ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশ ও গোটা অঞ্চলের বিষয়ে পাঠক-দর্শকরা আরও বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, এই সমঝোতা স্মারক বার্নামা ও তাসের মধ্যে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

এর আগে নুর-উল আফিদা ও আরুল রাজু ‘ইতিহাস ও উন্নয়ন: এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৬৫ বছরের তথ্য বিনিময়’ শীর্ষক ওআনা’র আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তাসের মহাপরিচালক আন্দ্রেই কোন্দ্রাশভ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ ছাড়া তারা ওআনা’র ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন।

গত ২০ সেপ্টেম্বর নুর-উল আফিদা ও আরুল রাজু ওআনা’র ৫৮তম নির্বাহী বোর্ড সভা (ইবিএম) ও কারিগরি কমিটির বৈঠকে অংশ নেন। বার্নামা ওআনা’র নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
১৯৬১ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর উদ্যোগে ওআনা প্রতিষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংবাদ সংস্থাগুলোর মধ্যে সরাসরি ও অবাধ সংবাদ বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এ অঞ্চলে। বর্তমানে ৩৫টি দেশের ৪১টি জাতীয় সংবাদ সংস্থা ওআনা’র সদস্য হিসেবে রয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button