বগুড়ার সেই নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি
বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন তিনটিতে গণশুনানির মাধ্যমে নাম পরিবর্তনের এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন। নামকরণ নিয়ে ব্যাপক বিতর্কের পর প্রধানমন্ত্রীর নির্দেশে অবশেষে পরিবর্তন হতে চলেছে তিনটি ইউনিয়নের নাম।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও জেলা প্রশাসন সুত্রে জানা যায়, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নতুন ঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক এলাকা পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের কাজ শেষে গত ১৪ জুন নতুন ইউনিয়নগুলোর নামসহ গেজেট প্রকাশ পায়। গেজেট প্রকাশের পরপরই নামকরণ নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে গত ১৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে নাম পরিবর্তনে গণশুনানির আয়োজন করা হয়েছে।
বিভিন্ন মাধ্যমে অভিযোগ ওঠে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক উপাধি এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে মিলিয়ে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় তাঁর দুই ছেলের নামে ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’ নাম দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র বিতর্ক ও অসন্তোষ তৈরি হলে তা সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসে। পরে ২৩ জুন সকাল থেকে ওই তিনটি এলাকায় জনসাধারণের মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, গণশুনানিতে স্থানীয়রা আসছেন। তারা বিভিন্ন বিষয়ে জেনে যৌক্তিক নাম দিচ্ছেন। এলাকাবাসির মতামত নিয়ে চুড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।



