
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থান বগুড়ার শাজাহানপুর নয় মাইল জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শাজাহানপুর ও গাবতলী উপজেলাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এই বিশ্ববিদ্যালয়টি শহরের অন্য স্থানে সরিয়ে নেওয়ার পায়তারা করছে। দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন ও গোটা উত্তরবঙ্গ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কর্মসূচি শেষে নয় মাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হলে শত শত যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেন।



