দেশলিড নিউজ

রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

তিনদিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
তিনদিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। সোমবার (৮ জুন) মস্কোয় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগির সম্পন্ন হবে বলে উভয়পক্ষ আশা করছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশেষ করে রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ বিষয়ে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া সফরের আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করে রুশ পক্ষ।

বৈঠকে প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ড. খলিলুর রহমান কৃষি ও স্বাস্থ্যখাতে এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। রুশ কর্তৃপক্ষ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিনদিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এমন আরো সংবাদ

Back to top button