ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে সে দেশের জেলে দীর্ঘ সময় কাটানোর পর মুক্তি পাওয়া ৯১ জন বাংলাদেশি জেলেকে বাগেরহাটের মোংলায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুরে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক আবেগঘন পরিবেশে কোস্ট গার্ড সদস্যরা এসব জেলেদের তাদের স্বজনদের হাতে তুলে দেন।
এর আগে গতকাল রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (আইএমবিএল) ভারতীয় কোস্ট গার্ড চারটি ফিশিং ট্রলারসহ এই ৯১ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং ট্রলারসহ এই ৯১ জন জেলেকে আটক করেছিল। পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক ফলপ্রসূ সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ট্রলারগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সমুদ্রসীমায় হস্তান্তরের পর আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মোংলা সদর দপ্তরে আইনি প্রক্রিয়া শেষে ট্রলারসহ মুক্ত জেলেদের তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।



