বাংলাদেশ এখন কোরবানির পশু উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ এবং এ বছর চাহিদার চেয়ে প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (১৭ মে) সন্ধ্যায় বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই এবং সীমান্ত দিয়ে যেন কোনো পশু প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকতে বলা হয়েছে। সরকার এখন চামড়ার দাম বাড়ানোর পাশাপাশি পশু রপ্তানির দিকে নজর দিচ্ছে।
সেমিনার শেষে প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করেন, যা পরে বগুড়া সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও সচিব দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।



