জেলার খবর

সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং মেলা সম্পন্ন, ২৬ জন দক্ষ কারিগরকে সম্মাননা

025নীলফামারীর সৈয়দপুরে চারদিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২৬ জন দক্ষ কারিগরকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
মঙ্গলবার (১২ মে) বিকেলে সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাব মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রোমোশন কাউন্সিল (এলইপিবিপিসি) ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের কর্মব্যবস্থাপক মোঃ মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলইপিবিপিসির উপ-পরিচালক এসএম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুরের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মোঃ এরশাদ হোসেন পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমতাজুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় লাইট ইঞ্জিনিয়ারিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষ জনশক্তি তৈরি এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি তরুণদের প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি এসএম আনোয়ার হোসেন বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প দেশের সম্ভাবনাময় খাতগুলোর একটি। এই শিল্পকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি। তিনি সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আশ্বাস দেন। অপর বিশেষ অতিথি মোহাম্মদ মারুফ বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া শিল্প খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ এরশাদ হোসেন পাপ্পু বলেন, সৈয়দপুর ঐতিহ্যগতভাবে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের কারিগর ও উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি এবং সরকারি সহযোগিতা দেওয়া হলে এই খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। তিনি দক্ষ জনবল তৈরিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি চালুর দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে শিল্পায়নের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ এবং উদ্যোক্তা সহায়তায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
চারদিনব্যাপী এ মেলায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিনির্ভর পণ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং সামগ্রী প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button