প্রবাসহাইলাইটস

কুয়ালালামপুরে হৃদয় ছুঁয়ে গেল ‘বাংলাদেশ উৎসব ২০২৬’

malaysia news
বাংলা সংস্কৃতি, ঐতিহ্য আর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় মুখর হয়ে উঠেছিল পুরো আয়োজন। বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’, যেখানে আনন্দ, আবেগ ও দেশপ্রেম একসূত্রে গেঁথে তৈরি করেছিল অনন্য এক অনুভূতির।

রোববার (১০ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)। উৎসবে অংশ নেন শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক প্রবাসী বাংলাদেশি।

malaysia news
দিনভর আয়োজনে ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সংগীত ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। প্রতিটি পরিবেশনায় উঠে আসে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের ছোঁয়া। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (কনসুল্যার) ফিরোজ রাব্বানী।

তিনি তার বক্তব্যে বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত রাখতে সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই।” ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

malaysia news
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, বিয়াম উপদেষ্টা তোফায়েল আহমেদ ও পাভেল সারওয়ারসহ বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্টল ও বিভিন্ন প্রদর্শনী। পিঠাপুলি, দেশি খাবার আর বাংলার ঐতিহ্যের নানা উপস্থাপনা প্রবাসীদের মনে ফিরিয়ে আনে শৈশব আর দেশের স্মৃতি। অনেকে আবেগাপ্লুত হয়ে বলেন, “মনে হচ্ছিল যেন আমরা কুয়ালালামপুরে নয়, বাংলাদেশের কোনো উৎসবে আছি।”

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা।

malaysia news
অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষভাবে কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট উসামা ও মুসফিক, অর্গানাইজেশনাল সেক্রেটারি ফাইজা হুমায়রা, জয়েন্ট কালচারাল সেক্রেটারি প্রাপ্তি, কেন্দ্রীয় সদস্য মিতু, মেম্বার কো-অর্ডিনেটর আব্দুর রহিম, সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট তামিম ও নিবিড় এবং সেক্রেটারি রাশেদের আন্তরিক পরিশ্রম ও দক্ষ সমন্বয় পুরো আয়োজনকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

প্রবাসের মাটিতে এমন একটি আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে উঠেছিল শিকড়ের টানে এক হৃদয়ছোঁয়া মিলনমেলা, যেখানে বাংলাদেশকে নতুন করে অনুভব করেছেন প্রবাসীরা।

এমন আরো সংবাদ

Back to top button