জেলার খবরহাইলাইটস

বাজারে সাতক্ষীরার আম

যাবে ইউরোপ আমেরিকায়

সাতক্ষীরাবাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার সুস্বাদু আম। নির্ধারিত সময় মেনে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে গতকাল প্রথম দফায় গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ নানা প্রজাতির আম ছাড়ানো ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে। সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক আমচাষি। উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আমচাষি আবু সাইদ বলেন, এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় ভালো দাম পাওয়ার আশা করছি।

এদিকে জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাস, বৈশাখী, খিরশরাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ মে বাজারে আসবে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। ৫ হাজারেরও বেশি বাগানে প্রায় সাড়ে ১২ হাজার আমচাষি চাষাবাদ করেছেন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, শুধু দেশীয় বাজারেই নয়, সাতক্ষীরার ১০০ মেট্রিক টন আম এ বছরও ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হবে। এদিকে গতকাল সকাল থেকেই সাতক্ষীরার বড় আমের বাজার ও আড়ত সুলতানপুরের বড়বাজারে উঠতে থাকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ নানা প্রজাতির আম।

এখানে দেখা গেছে, গোবিন্দভোগ ও গোপালভোগ ১৮০০ থেকে ২২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতেই বাজারে সাতক্ষীরার আম আসায় খুশি ক্রেতারাও। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আম কিনতে সাতক্ষীরার বড়বাজার ও বিভিন্ন আমবাগানে ভিড় করতে দেখা গেছে। তবে বাজারে সিন্ডিকেট করে আম কেনা-বেচা করায় বিপাকে পড়েছেন প্রান্তিক আমচাষিরা। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময় মেনে সংগ্রহ ও বাজারজাত নিশ্চিত করা গেলে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী ও রপ্তানিকারক সবাই লাভবান হবেন। সাতক্ষীরা সদরের কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, মৌসুমের শুরুতেই সাতক্ষীরার আম বাজারে ওঠায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। গুণগত মান বজায় রেখে এ ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আম আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

অসাধু ব্যবসায়ী এবং কৃষক অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত করলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button