মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করতে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে আজ রাতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
দলীয় নিয়ম অনুযায়ী, কোনো রাজ্যে নির্বাচনের পর বিধায়কদের মধ্যে থেকে পরিষদীয় দলনেতা নির্বাচন করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠায় বিজেপি। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই নির্বাচনের মাধ্যমেই কার্যত নতুন মুখ্যমন্ত্রীর নাম নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, তিনি পদত্যাগ করছেন না এবং দায়িত্বে থাকবেন। তিনি আরও বলেন, ‘আমরা হারিনি, আমি পদত্যাগ করব না।’ রাজনৈতিক মহলে এখন নজর বৈঠকের দিকে, যেখানে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।



