বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনেস্কোর কাছে বিশেষ সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সমস্যা সমাধানে একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ সহযোগিতা চান।
বৈঠকে বাংলাদেশে ইউনেস্কোর চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন ড. সুসান ভাইজ। তিনি জানান, বিশ্বজুড়ে ভুল তথ্য ও অপপ্রচারের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবেলায় বর্তমানে ইউনেস্কো ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
ইউনেস্কোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।’
ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রযুক্তির এ যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে কাজে লাগানোর আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। ইউনেস্কো প্রতিনিধিও সরকারকে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও সচিব মাহবুবা ফারজানা।



