জেলার খবর

দলীয় সিদ্ধান্তে সম্মান, মাঠে থাকার ঘোষণা রুপা বেগমের

নীলফামারী সৈয়দপুর
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত চূড়ান্ত তালিকায় স্থান পাননি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম। যদিও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তার নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় শীর্ষে ছিলেন তিনি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, ত্যাগী, যোগ্য ও অভিজ্ঞ নারী নেত্রীদের প্রাধান্য দিয়ে তালিকাটি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে তালিকায় নাম না থাকলেও দলীয় সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন রুপা বেগম। বুধবার (২২ এপ্রিল) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে আমি শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছি।
মনোনয়ন পাওয়া না পাওয়া বড় বিষয় নয়, দলের জন্য কাজ করাই আমার অঙ্গীকার। তিনি আরও বলেন, দলের নেতৃত্ব যাদের ওপর আস্থা রেখেছে, আমি তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং আগামীতেও মাঠ পর্যায়ে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাব। দলীয় শৃঙ্খলা বজায় রেখে তার এই অবস্থান স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button