প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাচ্ছেন ২০ এপ্রিল। বগুড়ায় এসে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, খাল খনন, বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন, জনসভা, নিজের পৈত্রিকবাড়ি সহ বেশ কিছু উন্নয়নমুলক কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। নানা উন্নয়ন হচ্ছে বলে আনন্দে ভাসছে বগুড়া জেলার মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে সাজসাজরব। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল সকালে বগুড়ায় আসছেন।
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ নির্মাণ, প্যান্ডেল সাজসজ্জা, সাউন্ড সিস্টেম স্থাপনসহ সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জনসভার মাইক স্থাপন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে জেলা বিএনপির নেতাকর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছেন। নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বগুড়া জেলাবাসির দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ চালু, বগুড়া বিমানবন্দর সচল করা, করতোয়া নদী সংস্কার, ভারী শিল্প পার্ক স্থাপন, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, আরো দুটি সরকারি স্কুল নির্মাণ, সাংস্কৃতিক কর্মীদের জন্য আধুনিক থিয়েটার হল, খেলাধুলার জন্য নতুন করে ক্রীড়া কমপ্লেক্স ও ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে তিনি বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। বেলা দুইটায় প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়া সার্কিট হাউসে ফিরবেন। তিনি বিকেল চারটায় জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার জানান, প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান প্রথমবারেরমত নিজের বাড়ি ফিরছেন। পৈত্রিকবাড়িটি নিরাপত্তার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রাম বাগবাড়ীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয় সন্তানকে দেখার জন্য। এলাকায় একরকম উৎসব বয়ে যাচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, বগুড়ার মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন। দলীয় স্বেচ্ছাসেবকদের কাজে লাগোনো হচ্ছে। জনসভা সফল করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত তদারকি করছেন। জনসভা মঞ্চ প্রস্তুত রয়েছে।



