ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু
সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে শুরু হয়েছে দুদিনব্যাপী বৈশাখী উৎসব। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে রমনার বটমূলের আদলে ‘বটতলার বৈশাখী বরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল গ্রামীণ খেলাধুলা, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উৎসবের দ্বিতীয় দিনে চলচ্চিত্র ‘আয়নাবাজি’ প্রদর্শনী, ধামাইল নৃত্য, মঞ্চনাটক ও পুতুল নাচসহ নানা আকর্ষণীয় কর্মসূচি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও অফিস অব কমিউনিকেশন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনেও বিশেষ ভূমিকা রাখছে।



