দেশে তেল সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে- বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, জ¦ালানি তেল নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। সরকার জ্বালানির দাম বাড়ায়নি। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমে সংকট নেই। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে। ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়েন। সবাই তেল পাচ্ছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে তেল সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করে মীর শাহে আলম ফাউন্ডেশন। এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রায় ১ হাজার ২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি আরো বলেন, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আসতে পারেন। বগুড়া সফর চূড়ান্ত হলেই তিনি ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করে, সিটি কর্পোরেশন ব্যাপারেও জানাবেন। গাবতলীর বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। এখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বগুড়ার মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ এস এম রেজাউন্নবী মন্ডল, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরকার, মিল্কভিটার পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।



