চট্টগ্রামে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
জ্বালানি সংকট মোকাবিলা ও সক্ষমতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বুধবার (১৫ এপ্রিল) নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সবুজ জ্বালানি’ বিষয়ক প্রচারণা কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দেশ আজ চরম সংকটে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে টাকা থাকলেও জ্বালানি তেল পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে শিল্প ও জনজীবনে। এই সংকট থেকে উত্তরণে সৌর, পানি ও বায়ুবিদ্যুতের মতো প্রাকৃতিক উৎসের ব্যবহার নিশ্চিত করা জরুরি।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগে সবুজ জ্বালানির সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।



