হাইলাইটস
তারেক রহমান ও বিএনপিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমান ও (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জের সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছেন। জনগণের এই রায় দেশটির গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা তাঁর প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য তাঁর নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
মালয়েশিয়া নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আনোয়ার ইব্রাহিম বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি ও শক্তি দিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



