জেলার খবররাজনীতি

বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ

Bogra news 11,2,2026
বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ করা হ‌য়ে‌ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বগুড়া সদর উপ‌জেলা প‌রিষ‌দের হল রুম থে‌কে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচন সরঞ্জাম ৯৮৩টি ভোট কে‌ন্দ্রে পর্যায়ক্রমে  বিতরণ ক‌রা হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়ার ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে ভোটের সরঞ্জাম পাঠানো হয়ে‌ছে। প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ফরম ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রের সরঞ্জাম উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ করা হয়ে‌ছে। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল প্রিজাইডিং অফিসারদের হাতে সরঞ্জাম তুলে দেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দা‌য়ি‌ত্বে ছি‌লেন।

বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের ৭টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৫৭৮টি।

বগুড়ার সহকারী রিটার্নিং অফিসার আব্দুল ওয়াজেদ জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গি‌য়ে কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের কথা ব‌লেন।

এমন আরো সংবাদ

Back to top button